উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পক্ষে সংঘর্ষ
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এতে উপজেলা চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১টি শটগানের গুলি ছুড়েছে। তবে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও পাঁচজন প্রত্যক্ষদর্শী বলেন, টিআর-কাবিখা-এডিপি প্রকল্পে নাম অন্তর্ভুক্তি ও বাতিল করা নিয়ে গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর মধ্যেই ভাইস চেয়ারম্যানের অনুসারী কয়েকজন উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা চালায়। তাঁদের কিল-ঘুষিতে উপজেলা চেয়ারম্যান ছাড়াও অলংকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিলু মিয়া ও চেয়ারম্যানের গাড়িচালক আহত হন। খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের নিজ গ্রাম কারিকোনা, পাশের শাহজিরগাঁওসহ কয়েকটি গ্রামের কয়েক শ লোক উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়।
বেলা সাড়ে তিনটার দিকে ভাইস চেয়ারম্যান অনুসারীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান অনুসারীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠিসোঁটা ও ইট নিয়ে দুই পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়। আধা ঘণ্টার মতো ওই সংঘর্ষ চলে। এ সময় পথচারীসহ অন্তত ১২ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের শটগানের গুলিতে চেয়ারম্যানের অনুসারী নিজাম উদ্দিন ও আবদুল হক আহত হন।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কেউই ফোন ধরেননি।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।