উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের জামায়াত-সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে। ২০১৩ সালে নাশকতার একটি ঘটনায় করা মামলায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণ করেছেন। ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে। এ-সংক্রান্ত আদেশটি গত শনিবার উপজেলা পরিষদে এসেছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ও নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগে সাতকানিয়া থানায় জসিম উদ্দিনের বিরুদ্ধে নয়টি মামলা আছে। সম্প্রতি আদালত একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।