উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমানকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে। গত সোমবার তাঁকে বরখাস্ত করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান বলেন, গত বছর বগুড়া সদরে নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা একটি মামলায় অভিযোগপত্র দেওয়ায় স্থানীয় সরকারের সংশ্লিষ্ট আইনে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
দবিবুর রহমান বলেন, অন্যায়ভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে। তিনি আইনের আশ্রয় নেবেন। এদিকে দবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্তের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় জামায়াত-শিবির বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। সভায় জামায়াতের শেরপুর শহর কমিটির আমির মাওলানা নাজমুল হক বলেন, অবিলম্বে দবিবুর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা না হলে শেরপুর থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।