উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাইস চেয়ারম্যানের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ওই পরিষদের এক ভাইস চেয়ারম্যান। গতকাল সোমবার দুপুরে অফিস চলাকালীন এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলামের কার্যালয়ে গিয়ে দুই অফিস সহায়ক মাসুদ ও উজ্জ্বল মিয়াকে বের হয়ে যেতে বলেন। এরপর তিনি কক্ষের দরজায় একটি তালা ও কার্যালয়ের প্রবেশপথের ফটকে অপর একটি তালা লাগিয়ে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ময়মনসিংহে ছিলেন।
তালা লাগানোর কথা স্বীকার করে ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা রফিকুজ্জামান খোকন প্রথম আলোকে বলেন, ‘সরকারি বিধি থাকা সত্ত্বেও উপজেলা চেয়ারম্যান আমার নামে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির কোনো উন্নয়ন প্রকল্প বরাদ্দ করেননি। প্রকল্প কর্মকর্তাকেও বলেছেন আমার প্রস্তাব গ্রহণ না করতে। কোনো সভা ছাড়াই একক সিদ্ধান্তে মনগড়াভাবে তিনি প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে। এ ব্যাপারে গত রোববার জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ করা হয়েছে।’
উপজেলা চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শাহ মো. ফখরুল ইসলাম অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন দুই মাস ধরে পরিষদের মিটিংয়ে আসেন না। তিনি কোনো প্রকল্প প্রস্তাবও জমা দেননি। হাতে সময় না থাকায় তাঁর মতামত নেওয়া সম্ভব হয়নি।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুজ্জামান বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে সমন্বয়ের অভাবে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। ওই দুই চেয়ারম্যান এবং ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্বেচ্ছাচারিতা, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে গত ৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করার দাবিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অনাস্থা দেন। এ নিয়ে ৮ মার্চ প্রথম আলোতে ‘কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।