সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর ও কার্যালয়ের কর্মীদের মারধর করা হয়েছে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১০-১২ জন কর্মী উপজেলা পরিষদের কার্যালয়ে যান। এ সময় তাঁরা উপজেলা চেয়ারম্যানের খোঁজ করেন। তাঁকে কার্যালয় কক্ষে না পেয়ে তাঁর কার্যালয়ের টেবিল, গ্লাস, আসবাব ভাঙচুর করেন। এ সময় তাঁদের মারধরে কর্মচারী বিশ্বজিৎ ও নাইমা আহত হন।
উপজেলা চেয়ারম্যান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের লোকজন তাঁকে হত্যার উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে। বর্তমান সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আব্দুল মজিদ মণ্ডলের সঙ্গে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২৬ মার্চ উপজেলার সমেশপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আব্দুল মজিদ মণ্ডলকে প্রধান অতিথি করায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাসের কর্মী-সমর্থকেরা ক্ষিপ্ত হন। এর জের ধরে ছাত্রলীগের রিয়াদ, রুবেল, সাইফুল, আল আমিন এবং স্বেচ্ছাসেবক লীগের আরমান, শাহ আলমসহ একদল লোক এ হামলা চালায়।
জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। মোহাম্মাদ আলীর সঙ্গে বালুর ব্যবসা নিয়ে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক বলেন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর ও মারধরের ঘটনা সঠিক। তবে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান বলেন, এলাকার বেশ কয়েকটি অবৈধ বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনার জের ধরে এই ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। এ ছাড়া রাজনৈতিক কারণও কিছুটা রয়েছে। তিনি ছুটিতে এলাকার বাইরে রয়েছেন। পরে বিস্তারিত জানাবেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, ভাঙচুর ও মারধরের খবর পেয়ে তাঁরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে উপজেলা চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভূমি) বাদী হয়ে দুটি মামলা করেছেন।