উপজেলা চেয়ারম্যানের প্রবেশ ঠেকাতে আ.লীগের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমানকে নিজ কার্যালয়ে যেতে বাধা দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। ওই কার্যালয়ে তাঁর প্রবেশ ঠেকাতে দলটির নেতা-কর্মীরা গতকাল সোমবার কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় মহড়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও গৌরীপুর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলার কারণে গত ২৫ মে উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান তায়েবুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে তায়েবুর রহমান উচ্চ আদালতে আপিল করলে আদালত ৮ জুন থেকে পরবর্তী ৬ মাসের জন্য বরখাস্তের আদেশটি স্থগিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার উপজেলার পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে চেয়ারম্যানের যোগ দেওয়ার খবর পেয়ে সকাল সাড়ে নয়টা থেকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর (তায়েবুরের) প্রবেশ ঠেকাতে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ও আশপাশে অবস্থান নেন। এ কারণে উপজেলা চেয়ারম্যান যোগ দিতে না পারায় সভাটি স্থগিত করা হয়।
আহাম্মদ তায়েবুর রহমান বলেন, ‘সকালে কার্যালয়ের ভেতর থেকে আমার গাড়ির চালক আনিসুর রহমান গাড়ি বের করে আনতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে হুমকি দিয়ে বলে যেন আমি কার্যালয়ে না যাই। পরে বেলা ১১টার দিকে কার্যালয়ে যেতে চাইলে মহড়া দেখে ফিরে আসি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ বলেন, উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে শতাধিক লোকের অবস্থান দেখে সকালে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরও বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান না আসায় মাসিক সমন্বয় সভাটি স্থগিত করা হয়েছে।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ দলীয় নেতা-কর্মীদের মহড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, কোনো কারণে কার্যালয়ের সামনে অতিরিক্ত লোক সমাগম হওয়ায় পুলিশ যায়। সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।