
কুড়িগ্রাম রৌমারী উপজেলায় যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে গত শনিবার মামলা হয়েছে। এ হামলার বিচারের দাবিতে গতকাল সোমবার কর্তিমারী বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মামলার আসামিরা হলেন মজিবুর রহমান, তাঁর দুই ভাই আমিনুল ইসলাম ও আবদুর রহমান এবং একই কলেজের প্রভাষক শফিকুল ইসলাম।
ওই হামলার বিচারের দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, কর্তিমারী বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত আলী, কোমরভাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, মহিউস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ শহীদ মাসউদ আহমেদ, যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, যাদুরচর ডিগ্রি কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে ওই চিহ্নিত মহলটি ডাকাতির ঘটনা ঘটায়। দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আমার বাড়িতে হামলা করে ডাকাতেরা কলেজের কাগজপত্র নেবে—এটা কী করে হয়? সেদিন আমি বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যাই। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমানের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।
৩ জানুয়ারি দিবাগত রাত তিনটার দিকে অধ্যক্ষ রফিকুল ইসলামের বাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা করে। এ সময় সন্ত্রাসীরা অধ্যক্ষকে খুঁজতে বিভিন্ন ঘর তল্লাশি করে। পরে তাঁর স্ত্রী ফাতেমা খাতুনকে বেঁধে আলমারি থেকে সাড়ে সাত ভরি স্বর্ণালংকার, পাঁচ লাখ টাকা ও কলেজের কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
রৌমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহানি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। দোষী ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।