কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম তাঁর বিরুদ্ধে করা একটি মামলার বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান জাফর আলমের বিরুদ্ধে করা একটি মামলার বাদী চকরিয়ার ডুলাহাজারা রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়রা আজাদী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে হুমায়রা আজাদী বলেন, মালেকা বেগম নামের এক নারী রিংভং দক্ষিণ পাহাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ২৪ অক্টোবর তিনি স্বেচ্ছায় ইস্তফা দেন। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি হওয়ার পর মালেকা বেগম অবৈধভাবে আবার শিক্ষক হিসেবে যোগদানের চেষ্টা করেন। তাঁর পক্ষ হয়ে অনৈতিক তদবির করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাঁর স্ত্রী। গত ২৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে উপস্থিত হন চেয়ারম্যান জাফর আলম, তাঁর স্ত্রী শাহেদা জাফর এবং মালেকা বেগম নামের ওই নারীসহ আরও কয়েকজন। এ সময় ছাত্রছাত্রীদের তাড়িয়ে দিয়ে উপজেলা চেয়ারম্যান ও তাঁর স্ত্রী তাঁকে মারধর করেন।
হুমায়রা আজাদী বলেন, এ ঘটনায় তিনি গত ৩১ জানুয়ারি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জাফর আলম ও তাঁর স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আরও খেপে যান জাফর আলম। মামলা প্রত্যাহার করে নিতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। তিনি এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে হুমাইরা আজাদীর স্বামী আলী আহমদ উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তিনি বলেন, ‘২৮ জানুয়ারি আমি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হিসেবে মালেকা বেগমকে যোগদান করাতে নিয়ে গিয়েছিলাম। এ সময় আমি বা আমার স্ত্রী ওই শিক্ষিকাকে মারধর করিনি।’