উপজেলা চেয়ারম্যানের সঙ্গে অশোভন আচরণ ছাত্রলীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ নেতা অশোভন আচরণ করায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ছেড়ে যান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত একাধিক ব্যক্তি জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে আলোচনার একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদের সঙ্গে অশোভন আচরণ করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মারমা। সভায় ছাত্রলীগ নেতা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালে তোফাইল আহমদ রোহিঙ্গাদের স্থায়ী বাসিন্দার সনদ দিয়েছেন। জবাবে উপজেলা চেয়ারম্যান তা অস্বীকার করেন। একপর্যায়ে চোচু মং অশোভন আচরণ করেন উপজেলা চেয়ারম্যানের তোফাইলের সঙ্গে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাফায়েত মো. শাহেদুল ইসলাম জানান, সভার শেষ পর্যায়ে রোহিঙ্গা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে তিনি নিরস্ত করেন। কিন্তু উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সভা ছেড়ে চলে যান।
উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় যদি মারপিটের শিকার হতে হয়, তাহলে সেখানে থাকার কোনো অর্থ হয় না। এ জন্য তাঁরা সভা ত্যাগ করে এসেছেন। এর আগেও একটি সভায় চোচু মং ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিত করেছিলেন। একই কথা বলেছেন ভাইস চেয়ারম্যান হামিদা বেগমও।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চোচু মং মারমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি মুঠোফোন ধরেননি।