উপজেলা পরিষদের দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম ও নলডাঙ্গা উপজেলা পরিষদের দুই চেয়ারম্যানকে ফৌজদারি মামলার অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি তাঁদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুজন চেয়ারম্যান হলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের একরামুল আলম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের সাখাওয়াত হোসেন। তাঁরা দুজনই নিজ নিজ উপজেলার বিএনপি সভাপতি বলে দলীয় সূত্র জানিয়েছে।
একরামুল আলম গতকাল বিকেলে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিঠির কার্যকারিতা স্থগিতের জন্য আমি শিগগিরই আদালতের শরণাপন্ন হব।’ তবে গতকাল বিকেল পর্যন্ত চিঠি পাননি বলে জানিয়েছেন সাখাওয়াত হোসেন।