উপজেলা পরিষদের সামনে এক বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদের গেটের সামনে এক শিক্ষকের বাড়িতে গত মঙ্গলবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা গৃহকর্তাসহ বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় গৃহকর্তা শিক্ষক মঈনুদ্দিন আহম্মেদ ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) এহতেশাম রেজা ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঈনুদ্দিন আহম্মেদ বলেন, ভোররাত সাড়ে তিনটায় ১৫-২০ জনের ডাকাত দল প্রধান গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি ও তাঁর স্ত্রী লুকিয়ে পড়লে ডাকাতেরা তাঁদের ১৫ বছর বয়সী ছেলে মিরাজকে অস্ত্রের মুখে জিম্মি করে। ছেলেকে জিম্মি করায় বাধ্য হয়ে তাঁরাও ঘর থেকে বেরিয়ে আসেন। ডাকাতেরা তাঁদেরও অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা আট হাজার টাকা, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, দুই ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে যায়।