উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও তাঁর কার্যালয়ে কর্মরত কয়েকজনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি একজন সহকারী শিক্ষক জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষা কর্মকর্তাকে বদলির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। এ ছাড়া বিষয়টি তদন্ত করে ২০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে সহকারী জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির উদ্দিনকে নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার গত মার্চে কোম্পানীগঞ্জে যোগদান করেন। যোগদানের পর থেকেই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর নানা হয়রানির খড়্গ নেমে আসে।
অভিযোগে বলা হয়, শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে কর্মরত ব্যক্তিদের মাধ্যমে সার্ভিস বুক খোলার ক্ষেত্রে জনপ্রতি ৫০০ থেকে এক হাজার, বদলির জন্য দুই হাজার থেকে ২০ হাজার, ই-প্রাইমারি স্কুল সিস্টেম অনলাইন আবেদন ফরম পূরণের জন্য ১৮০ থেকে ২০০ টাকা, টাইম স্কেল মঞ্জুরের জন্য ২০০ টাকা, বকেয়া বিল মঞ্জুরের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা আদায় শুরু করেন ওই কর্মকর্তা। এ ছাড়া শিক্ষকদের চিকিৎসা ছুটি ও শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুরের জন্য এবং ছুটি শেষে যোগদানের জন্য তাঁর সঙ্গে দেখা করে লেনদেনের অলিখিত নিয়ম চালু করেন। একইভাবে শিক্ষকদের জিপিএফ ফান্ড থেকে ঋণ নিতে হলেও তাঁকে নির্দিষ্ট হারে টাকা দিতে হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ওই লিখিত অভিযোগে শিক্ষা কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের সুপারিশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।
তবে অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করে শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার জন্যই ওই সব অভিযোগ করা হয়েছে। যে শিক্ষক আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি ওই সব থেকে বাঁচার জন্যই এসব করে বেড়াচ্ছেন।’
জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী বলেন, ‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গত ২৮ আগস্ট জেলা প্রশাসকের বরাবরে করা অভিযোগ এরই মধ্যে কার্যালয়ে এসে পৌঁছেছে। ওই কর্মকর্তাকে বদলির জন্য অধিদপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তের জন্য সহকারী জেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’