সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান (৪৩) এবং সিনিয়র স্টাফ নার্স জোবেদা খাতুন (৩৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই হাসপাতালের প্রধান সহকারী আলমগীর হোসেন (৫২) আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল রাত ৯টার দিকে জোবেদা খাতুন ও রাত ১০টার দিকে মনিরুজ্জামান মারা যান।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন মনিরুজ্জামান, জোবেদা খাতুন ও আলমগীর হোসেন।
ঘটনাস্থলে উপস্থিত বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মো. নুরুজ্জামান বলেন, তিনজনকেই ‘এনাফাইলিক ল্যাকটিক শক’-এর কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু ঘটেছে কি না, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মনজুর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিলেন। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে সিভিল সার্জনের বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আকরামুজ্জামান প্রথম আলোকে বলেন, গত সোমবার কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসায় খাবার খেয়ে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। গতকাল সকালে তিনজনকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বিকেলে তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আশুতোষ মিত্র রাত ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রেজিস্টারে ওই তিনজনের ভর্তির কারণ উল্লেখ করা হয়নি। তবে চিকিৎসকদের কাছে তিনি শুনেছেন, খাবার খেয়েই তাঁরা অসুস্থ হন।