উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারণা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার বিকেলে নগরের জিইসি মোড় এলাকার একটি হোটেল থেকে তাঁদের আটক করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, আটক তিনজন হলেন মাসুদ রানা, সাদ্দাম হোসেন ও হান্নান হায়দার। তাঁরা নিজেদের সাংবাদিক বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, আটক তিন কথিত সাংবাদিক চট্টগ্রামের সাতকানিয়াসহ বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সম্পর্কে ভালো প্রতিবেদন দেওয়ার আশ্বাস দেন। তাঁদের মনোনয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা করছেন বলে পুলিশের কাছে অভিযোগ আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় এলাকার একটি হোটেলে অবস্থানের সময় তাঁদের আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।