উপবৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগ, শিক্ষক অবরুদ্ধ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকেরা ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিলও করে। গত শনিবার উপজেলার দুর্গানগর ইউনিয়নের পারসোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানার পর উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থানা-পুলিশ নিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেন।
উপজেলা প্রশাসন ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, গত শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি টাকা বিতরণের সময় প্রধান শিক্ষক রেজাউল কবিরসহ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা মিলে শিক্ষার্থীদের মোট পাওনার অর্ধেক করে টাকা বিতরণ করতে থাকেন। উপবৃত্তির টাকা কম দেওয়া হচ্ছে জানতে পেরে বিকেলের দিকে অভিভাবকেরা দল বেঁধে এসে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকেরা মিলে বিক্ষোভ মিছিল করে।
অভিভাবকদের মধ্যে মাজেদা বেগম, রবিউল করিম, শফিকুল ইসলাম, হাফেজ উদ্দিন, আইয়ুব আলী, আব্বাস আলী, আকছেদ আলী প্রমুখ অভিযোগ করেন, আগেই এই প্রধান শিক্ষক তাঁদের সন্তানদের উপবৃত্তির টাকা প্রাপ্যের অর্ধেক করে দিয়েছেন। চলতি বছরও শিক্ষার্থীদের অর্ধেক টাকা দিয়ে স্বাক্ষর নিতে থাকেন। এর প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে। এ খবর জানাজানি হলে পাঁচ ঘণ্টা পর ইউএনও সন্দ্বীপ কুমার সরকার পুলিশ নিয়ে অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করেন।
তবে প্রধান শিক্ষক রেজাউল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম দিকে ২০১৫ সালের টাকা দেওয়া হচ্ছিল। একটি সিটেই স্বাক্ষর নেওয়া হচ্ছিল। দুই বছরের টাকা একসঙ্গে দেওয়া কঠিন। অভিভাবকেরা ভুল বোঝায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
ইউএনও সন্দ্বীপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংকের লোকজন বিদ্যালয় থেকে চলে আসার পর প্রধান শিক্ষক কিছু অনিয়ম করায় অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে অবরুদ্ধ করে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপবৃত্তির টাকা বিতরণের পর ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।