উপবৃত্তির অর্থ ছাড়ের নামে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আনন্দ স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ ছাড়ের কথা বলে শিক্ষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে ২৪ মে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
কয়েকজন শিক্ষক বলেন, উপবৃত্তির টাকা না পেলে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। তাদের মনোবল ভেঙে যাচ্ছে। এ কারণে দ্রুত টাকা তোলার জন্য শিক্ষকেরা চাঁদা তুলে উপবৃত্তির অর্থ ছাড় করতে চাইছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও আনন্দ স্কুল প্রকল্প সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) নামের একটি প্রকল্পের আওতায় আনন্দ স্কুলের কার্যক্রম শুরু হয়। দারিদ্র্যসহ নালিতাবাড়ীতে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১৬টি আনন্দ স্কুল রয়েছে। মোট শিক্ষার্থী ৩ হাজার ৩৭২ জন। প্রতিটি স্কুলে একজন করে শিক্ষক। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ১১ জন সুপারভাইজার এবং উপজেলার কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশিক্ষণ সমন্বয়কারী (টিসি) রয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল থেকে উপবৃত্তি হিসেবে মাসে ৮০ টাকা দেওয়া হয়। এই টাকা ছয় মাস পর পর দেওয়া হয়। কিন্তু ২০১৬ সালে উপজেলায় উপবৃত্তির মোট ৩২ লাখ ৩৭ হাজার ১২০ টাকা এখনো দেওয়া হয়নি।
কয়েকজন শিক্ষক বলেন, গত ৫ থেকে ২০ মার্চ পর্যন্ত আয়নাতলী গ্রামের আনন্দ স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী ২০১৬ সালের উপবৃত্তির ওই টাকা দ্রুত তোলার জন্য উপজেলা প্রশিক্ষণ সমন্বয়কারী (টিসি) মো. আজাহারুল ইসলামের কথা বলে অর্ধশতাধিক শিক্ষকের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে আদায় করেন। এরপর দুই মাস পেরিয়ে গেলেও উপবৃত্তির টাকা না আসায় শিক্ষকদের সন্দেহ হয়। তাঁরা মোহাম্মদ আলীর কাছে টাকা ফেরত চাইলে তিনি টিসির কথা বলে টালবাহানা করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে ২৪ মে ১৫ জন শিক্ষক সই করে একটি অভিযোগপত্র ইউএনও তরফদার সোহেল রহমানের কাছে দেন।
ছিটপাড়া আনন্দ স্কুলে শিক্ষক সালমা খাতুন বলেন, গত ১৩ ফেব্রুয়ারি শিক্ষক মোহাম্মদ আলী টিসির নাম করে উপবৃত্তির টাকা দ্রুত ছাড় করানোর কথা বলে আমার ও জান্নাতুল ফৌরদৌসী নামের আরেকজন শিক্ষকের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছেন।
গতকাল মঙ্গলবার মোহাম্মদ আলীর মুঠোফোনে কল করে সাংবাদিক পরিচয় দিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
টিসি মো. আজাহারুল ইসলাম বলেন, ‘মোহাম্মদ আলী আমার নাম বলে কিছু শিক্ষকের কাছ থেকে টাকা উত্তোলন করেছেন। ওই শিক্ষককে ডাকা হয়েছিল। তিনি ভুল স্বীকার করেছেন। দ্রুত টাকা ফেরত দেবেন বলে আমার কাছে অঙ্গীকার করেছেন। গত বছরেরসহ এ পর্যন্ত উপবৃত্তির সব টাকা দ্রুত দেওয়া হবে।’
ইউএনও তরফদার সোহেল রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। টিসি আজাহারুল ইসলামকে অভিযুক্ত মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। মোহাম্মদ আলীর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’