ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ উপবৃত্তির টাকা দিতে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্রের ফি হিসেবে ৫০ টাকা করে চাঁদা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কলেজের অফিস সহকারী ছাইদুর রহমান ও আবুল কাসেম বলেন, কলেজের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ টাকা নেওয়া হচ্ছে।
পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, কলেজের উন্নয়ন বাবদ উপবৃত্তির আবেদন থেকে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের রসিদ দিয়ে এ টাকা নেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী কলেজের উন্নয়নের জন্য টাকা নেওয়া যায়।
বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজে আবেদন বাবদ ৫০ টাকা করে নিচ্ছে, এমনটি জানা নেই। আমি কলেজে খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’
কলেজ কার্যালয় ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দিতে গত ২২ অক্টোবর থেকে আবেদনপত্র নেওয়া হচ্ছে। গত শনিবার পর্যন্ত প্রায় তিন শ জন শিক্ষার্থীর কাছ থেকে আবেদনপত্র নেওয়া হয়। এর সঙ্গে কোনো রসিদ ছাড়া প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা নেওয়া হয়।
এর আগে আবেদনপত্র নিতে দুই সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। কলেজের শরীরচর্চার শিক্ষক নজরুল ইসলামকে কমিটির প্রধান ও প্রদর্শক এনামুল হককে এর সদস্য করা হয়।
উপকমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, উপবৃত্তির টাকা-প্রত্যাশীদের আবেদনপত্রের কাজকর্ম করতে প্রতি শিক্ষার্থীপ্রতি ৫০ টাকা নেওয়া হচ্ছে। শনিবার থেকে আবেদনকারীদের সাক্ষাৎকার চলছে। তা আরও দুই-তিন দিন চলবে।
গত শনিবার বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজে গিয়ে দেখা যায়, উপবৃত্তির টাকা-প্রত্যাশী একাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী কলেজের কার্যালয়ের সামনে ভিড় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায়, উপবৃত্তির আবেদন বাবদ ৫০ টাকা করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু কোনো রসিদ দেওয়া হচ্ছে না। কলেজের উন্নয়ন করতে ওই টাকা নেওয়ার কথা জানানো হচ্ছে।
কলেজের অফিস সহকারী মো. সেলিম বলেন, অধ্যক্ষ স্যারের নির্দেশে উপবৃত্তি আবেদন বাবদ ৫০ টাকা করে নেওয়া হয়েছে।
অধ্যক্ষ আবদুর রহিম বলেন, সরকারি বিধি অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।