উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন ৫৫ জন অভিভাবক।
আত্মসাৎকারীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অভিভাবকদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৫ আগস্ট ৬২ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি হিসেবে প্রত্যেককে ৬০০ টাকা দেওয়ার কথা।
কিন্তু ওই বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আক্কাস আলী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান শিক্ষার্থীদের কাছে থেকে ১০০ থেকে ২০০ টাকা করে কেটে নেন। এ অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অভিভাবকেরা প্রতিবাদ করলেও কেটে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়নি।
এ ঘটনায় ২ সেপ্টেম্বর ধামইরহাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্কাস আলী বলেন, বিদ্যালয়ে একজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করা হয়েছে। অভিভাবকদের কাছ থেকে ওই শিক্ষকের বেতন-ভাতা বাবদ স্বেচ্ছায় অনুদান নেওয়া হয়েছে। উপবৃত্তির টাকা থেকে কোনো টাকা কেটে নেওয়া হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান বলেন, তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। উপবৃত্তির টাকা বিতরণে কোনো অনিয়ম হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান ওই বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাজুল ইসলাম ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা যতন কুমার দেবনাথের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।