উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় শিক্ষক বরখাস্ত
বরগুনার পাথরঘাটায় উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৮ আগস্ট জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক চিঠির মাধ্যমে তাঁকে বরখাস্ত করা হয়। তবে গতকাল বৃহস্পতিবারও ওই শিক্ষক স্বপদে বহাল ছিলেন।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকের নাম জাকির হোসেন। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শিক্ষক জাকিরের বিরুদ্ধে বিদ্যালয়ের ১৯৪ জন শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। হিরু জমাদ্দার নামের স্থানীয় এক ব্যক্তি এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। সম্প্রতি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দার ও রবীন্দ্রনাথ হাওলাদার। তাঁরা উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আবদুল মজিদ গত ২৮ আগস্ট এক চিঠির মাধ্যমে শিক্ষক জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেন।
তবে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক জাকির হোসেন। তিনি গতকাল বলেন, ‘আমার বাড়ির কাছে স্কুল। তাই প্রতিপক্ষ এ মিথ্যা অভিযোগ করেছে।’
পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে নাজমা বলেন, শিক্ষক জাকিরকে বরখাস্তের বিষয়ে কোনো চিঠি তিনি পাননি। তাই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি।
বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ গতকাল প্রথম আলোকে বলেন, ওই শিক্ষক এখনো কীভাবে দায়িত্বে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।