উপবৃত্তির টাকা আত্মসাৎ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার হবখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মৃত ছাত্রের নামে উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের চাপে এক মাস পরে ওই টাকা ছাত্রের পরিবারের কাছে পৌঁছে দিতে বাধ্য হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আমিনুর রহমান। প্রধান শিক্ষক অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ওই টাকাটা পরে দেওয়া হয়েছে।’
মৃত ছাত্র আনিছুর রহমানের বাবা আকতার মোল্লা গত বুধবার সদর উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার হবখালি ইউনিয়নের সাধুখালি গ্রামের দিনমজুর আকতার মোল্লার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে আনিছুর রহমান এ বছরের এপ্রিল মাসে সাপের কামড়ে মারা যায়। ১৭ জুলাই আকতার মোল্লা দুই ছেলের উপবৃত্তির টাকা তুলতে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক উপবৃত্তির রেজিস্টার্ড খাতায় দুই নামে স্বাক্ষর করিয়ে একজনের টাকা দেন।
সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।