উপবৃত্তির টাকা আত্মসাৎ করছেন প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কালিকাগাঁও ডিহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ে উপবৃত্তির তালিকার ২০-২৫ জন শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে গেলেও প্রধান শিক্ষক তাদের টাকা তুলে যাচ্ছেন। সম্প্রতি শিক্ষার্থী ও অভিভাবকের পক্ষ থেকে সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের ১২৬ জন শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা চেক দিয়ে ব্যাংক থেকে ওই টাকা তোলে।
অভিভাবকেরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথ্য গোপন করে বিয়ে হওয়া ও স্কুল ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা গত ১৪ জুলাই ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছেন। এমন ১৩ জন শিক্ষার্থীর নাম পাওয়া গেছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও অভিভাবকদের দাবি, এই ১৩ জন শিক্ষার্থীর টাকা আত্মসাৎ করার তালিকা পাওয়া গেলেও বাস্তবে প্রধান শিক্ষক আরও অনেকের নামে টাকা তুলে আত্মসাৎ করেছেন। স্কুল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তোলা হচ্ছে এমন খবরে ওই শিক্ষার্থীরা গত ২৮ আগস্ট জেলা শিক্ষা কর্মকর্তা, ২৩ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে।
শিক্ষার্থীরা জানায়, উপবৃত্তির টাকা বিতরণের তারিখ জানতে পেরে টাকা উত্তোলনের চেকে সই করতে গেলে প্রধান শিক্ষক বলেন, উপবৃত্তির তালিকায় তাদের নাম নেই। তালিকা থেকে নাম কাটা গেছে। পরে শিক্ষার্থীরা বাড়ি ফিরে এসে বিষয়টি অভিভাবক সদস্যদের জানায়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের অভিভাবক সদস্য মো. আবদুল কাদের জিলানী জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ পেয়ে ব্যবস্থাপনা পর্ষদের কয়েক জন সদস্য বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান। সে সময় প্রধান শিক্ষক তাঁদের জানিয়ে দেন তালিকা থেকে ওই শিক্ষার্থীদের নাম কাটা পড়েছে।
জিলানী বলেন, ‘উপবৃত্তি বিতরণের পর সংশ্লিষ্ট ব্যাংক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করে জানতে পাই, নাম কাটা পড়া শিক্ষার্থীদের নামেও উপবৃত্তির টাকা তোলা হয়েছে। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সই জাল করে উপবৃত্তির টাকা তুলেছেন। এভাবে তিনি কমপক্ষে ২০ জনের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। তাঁর কাছে বিদ্যালয়ের উপবৃত্তির তালিকা চেয়েও আমরা পাইনি। এ নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিলে প্রধান শিক্ষক আমার হাতে ১০ হাজার টাকা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।’
অভিভাবক মো. মক্কা মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা যেন আর বাড়াবাড়ি না করি সে জন্য প্রধান শিক্ষক আমাদের টাকার লোভ দেখাচ্ছেন।’
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। গত শনিবার সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে সময় এলাকার লোকজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অনেকের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ করেন। আর কত জনের টাকা আত্মসাৎ করা হয়েছে তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।’
প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান বলেন, ‘যারা এসব অভিযোগ করছে তারা কেউ এখন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী নয়।’ শিক্ষার্থী না হলেও কেন তাদের নামে উপবৃত্তির টাকা তুলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আত্মসাতের চেষ্টা থেকে নয়, ভুল করে এ কাজটি করে ফেলেছিলাম। কাজটি ঠিক হয়নি বুঝতে পেরে নয়জন শিক্ষার্থীর টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছি।’