উপবৃত্তির টাকা আত্মসাৎ করল এজেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্ট বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। গত সোমবার থেকে ওই এজেন্ট পলাতক রয়েছেন।
ওই এজেন্টের নাম আবদুল হাই। উপজেলার সাহারপুকুর বাজারে তাঁর কসমেটিকসের দোকান আছে। ওই দোকান থেকে তিনি মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালাতেন। সোমবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা দোকানটি ঘেরাও করেন। তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চন্দ্রদিঘী আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী তমা খাতুন বলে, গত সোমবার তার মুঠোফোনে দুটি খুদে বার্তায় (এসএমএস) ১ হাজার ৮০০ টাকা আসে। ওই দিনই সে আবদুল হাইয়ের দোকানে টাকা আনতে যায়। তবে আবদুল হাই তাকে ৯০০ টাকা দেন। আরও একটি খুদে বার্তার টাকার কথা বললে আবদুল হাই বলেন, মোবাইলে একটিই খুদে বার্তা ছিল।
একই ধরনের অভিযোগ করে গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আশা খাতুন। সে বলে, তার মুঠোফোনেও দুটি খুদে বার্তায় ১ হাজার ৮০০ টাকা আসে। তবে আবদুল হাইয়ের দোকানে গেলে তাকে ৯০০ টাকা দেওয়া হয়।
আবদুল হাই মুঠোফোনে বলেন, ‘যাদের টাকা নেওয়া হয়েছে, তাদের কয়েকজনের টাকা ফেরত দিয়েছি। বাকিদের শিগগিরই ফেরত দেওয়া হবে।’
ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং কার্যক্রমের এলাকার প্রতিনিধি সামিউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আবদুল হাইয়ের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইেল দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই এজেন্ট পালিয়েছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।