উপবৃত্তির টাকা আত্মসাৎ করলেন প্রধান শিক্ষক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার পশ্চিম চরলাঠিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ মোল্লার বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মো. জাকির হোসেন সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হালিমা আক্তার গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউপি সদস্য, জমিদাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপবৃত্তির সুবিধাভোগী অভিভাবকসহ অন্তত ২৭ জন ব্যক্তি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত বক্তব্য দিয়েছেন। তদন্ত প্রতিবেদন দু-এক দিনের মধ্যেই উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কবির জানান, শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে ১৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে ৯০ জনকে উপবৃত্তি দেওয়া হয়। উপবৃত্তি পাওয়া একেক শিক্ষার্থী প্রতি মাসে ১০০ টাকা হিসেবে প্রতি তিন মাস পর পর ৩০০ টাকা করে পায়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাকির হোসেনসহ কয়েকজন অভিভাবক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন পর্যন্ত উপবৃত্তি পাওয়া একেক শিক্ষার্থীকে ৬০০ টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৫০০ টাকা করে। এ ছাড়া উপবৃত্তির ৯০ জন শিক্ষার্থীর তালিকায় ১৫-২০ জনের ভুয়া নাম রয়েছে। এসব ভুয়া শিক্ষার্থীর নামে প্রধান শিক্ষক অর্থ আত্মসাৎ করেছেন। এর আগেও তিনি এভাবে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছিলেন। তখন উপবৃত্তির টাকা আর আত্মসাৎ করবেন না মর্মে অঙ্গীকার করায় তাঁকে ছাড় দেওয়া হয়েছিল।
প্রধান শিক্ষক মো. সহিদ মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খুচরা ১০০ টাকা ছিল না বলে তাদের সবাইকে ৫০০ টাকা করে দিয়েছি। আর ১০০ টাকা পরে নিতে বলেছি। কিন্তু তারা আর টাকা নিতে আসেনি।’