উপবৃত্তির টাকা আত্মসাৎ!
ভোলার বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ ও ভুয়া ছাত্রছাত্রীর নামে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপবৃত্তি মনিটরিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন অভিভাবকেরা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জুলাই মাসে শিক্ষার্থীদের এক বছরের উপবৃত্তির টাকা একসঙ্গে দেওয়া হয়েছে। শিক্ষার্থীপ্রতি টাকার পরিমাণ ৬০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা।
১৭ জুলাই জেলা উপবৃত্তি মনিটরিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তজুমদ্দিন উপজেলার ছাত্র-অভিভাবকেরা। এতে উল্লেখ করা হয়, উপজেলার চাচড়া কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার শিক্ষার্থীপ্রতি ৫০ থেকে ২০০ টাকা করে আদায় করেছেন। এ ছাড়া তিনি ৩৫ জন ভুয়া ছাত্রছাত্রীর নামে কার্ড করে টাকা তুলেছেন। ওই টাকা শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির লোকজন ভাগাভাগি করে নিয়েছেন।
তবে নাসিমা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে।’ আর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সুলেমান বলেন, ‘প্রধান শিক্ষক টাকা নিয়েছে—এমন কথা শুনেছি। তবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
একই উপজেলার চরজহিরুদ্দিন ডাক্তারকান্দি, পূর্ব বিশারামপুর, চরজহিরুদ্দিন রেড ক্রিসেন্ট, চরজহিরুদ্দিন মরিয়ম, পশ্চিম চাপড়ি, কেয়ামুল্যাহ রেড ক্রিসেন্টসহ অর্ধশতাধিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, ‘এসব বিদ্যালয়ের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’
২১ জুলাই বোরহানউদ্দিন উপজেলার ২ নম্বর খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণকালে রসিদ দিয়ে চাঁদা নেওয়ার সময় দুই শিক্ষকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মো. আবদুল কুদ্দুস বলেন, ‘দক্ষিণ দেউলা মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়জন এতিম ছেলের নামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে ধরা পড়েছেন। তদন্ত করলে অনেক বিদ্যালয়েরই অনিয়ম বের হবে।’
২৩ জুলাই সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল এছেমের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেন অভিভাবকেরা। এ ছাড়া উত্তর রামদাসপুর, দক্ষিণ চরভেদুরিয়া এম হোসেন, ওমর আলী, দক্ষিণ পশ্চিম চরভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬০টি বিদ্যালয়ে উপবৃত্তি তোলায় চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘অভিযোগ তদন্ত করে অনিয়মের প্রমাণ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া মনপুরা ও লালমোহন উপজেলার শতাধিক বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, ছাত্রছাত্রীদের ছবি তোলার সময় শিক্ষকদের ১০০ থেকে ১৫০ টাকা দিতে হয়েছে। এরপর উপবৃত্তি দেওয়ার সময় ৫০ থেকে ৩০০ টাকা চাঁদা নেওয়া হয়েছে।
জেলা উপবৃত্তি মনিটরিং কর্মকর্তা অসীম প্রসাদ বিশ্বাস বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। বিগত সময়ে আত্মসাৎ করা টাকা সরকারকে ফেরত দিতে হয়েছে। এবারও তাঁরা ছাড় পাবেন না।’