উপবৃত্তির টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপবৃত্তির টাকা আনতে গিয়ে গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করেছে বলে ওই স্কুলছাত্রীর মা অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ওই স্কুলছাত্রীকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার দুই শতাধিক লোক বিক্ষোভ করেছেন। হামলার আতঙ্কে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী তার মায়ের সঙ্গে শুক্রবার বিকেলে উপবৃত্তির টাকা আনতে সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যায়। বিকেল সোয়া পাঁচটার দিকে প্রচণ্ড িভড়ের মধ্যে ওই ছাত্রীকে মাঠে দাঁড় করিয়ে তার মা উপবৃত্তির টাকা আনতে কক্ষের ভেতরে ঢোকেন। বৃত্তির টাকা পাওয়ার পর মাঠে এসে মেয়েকে না দেখে তিনি তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির প্রায় সোয়া এক ঘণ্টা পর বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড়ে জঙ্গলের মধ্যে মেয়েকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে বিষয়টি তিনি মুঠোফোনে পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু ওই ছাত্রীর পরিবারের আর্থিক সংগতি না থাকায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম মাহবুব শিকদার জানান, আলামত দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে।
ওই স্কুলছাত্রীর মা জানান, মেয়েটিকে একা পেয়ে এক অপরিচিত যুবক কথা আছে বলে তাকে ডাকে। সে কথা শোনার জন্য সামনে এগিয়ে গেলে চার যুবক তার মুখ চেপে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। পরে তারা তাকে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করে রাখে।
এদিকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দশপাড়া, সাতপাড়া, ষোলপাড়া, জায়গীর ও সুন্দলপুর গ্রামের দুই শতাধিক গ্রামবাসী বিক্ষোভ করেন। এ সময় তাঁরা মিছিল নিয়ে দশপাড়া থেকে সুন্দলপুরের দিকে যান। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে মিছিলকারীরা চলে যান। তবে হামলার আতঙ্কে এলাকায় গতকাল সকাল ১০টা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সুন্দলপুর গ্রামের সুমন মিয়া (১৯) ও রাব্বি মিয়া (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সুমন, রাব্বিসহ ছয়জনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন।