উপবৃত্তির টাকা কম দেওয়ায় বিদ্যালয় ঘেরাও, ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান শিক্ষককে অন্যত্র বদলির দাবিতে গতকাল এলাকাবাসী তাড়াইলের কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেরাও করেন l ছবি: প্রথম আলো
প্রধান শিক্ষককে অন্যত্র বদলির দাবিতে গতকাল এলাকাবাসী তাড়াইলের কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেরাও করেন l ছবি: প্রথম আলো

উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং অভিভাবকেরা বিদ্যালয় ঘেরাও করেছেন। গতকাল মঙ্গলবার তাঁরা এই কর্মসূচি পালন করেন।
কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, কার্তিকখিলা গ্রামের বাসিন্দা আবদুস সাত্তারের ছেলে তরিকুল ইসলাম বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। হিসাব অনুযায়ী তরিকুল এক বছরে (কর্তন সাপেক্ষে) উপবৃত্তির এক হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু গত সোমবার বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণের সময় তরিকুলকে মাত্র ৪০০ টাকা দেওয়া হয়। শুধু তরিকুল নয়, তৃতীয় শ্রেণির সঞ্জিত পেয়েছে ২০০, চতুর্থ শ্রেণির ইতি আক্তার ১০০, তৃতীয় ও চতুর্থ শ্রেণির রাজিব রবিদাস ও সজিব রবিদাস মোট পেয়েছে ৪০০ টাকা। বিদ্যালয়ের মোট ৩৫৭ জন শিক্ষার্থীর অধিকাংশকেই নামমাত্র উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই দিন শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে টাকা কম দেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর জের ধরে গতকাল বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেনি। এ ছাড়া অভিভাবক ও স্থানীয় লোকজন প্রধান শিক্ষককে এ বিদ্যালয় থেকে অন্যত্র বদলির দাবি নিয়ে বেলা ১১টা থেকে বিদ্যালয় ঘেরাও করে রাখেন। খবর পেয়ে বেলা একটার দিকে তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল হক বিদ্যালয়ে এসে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী কর্মসূচি প্রত্যাহার করে নেন।

স্থানীয় নুরুল ইসলাম, আমিনুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করে বলেন, ‘প্রধান শিক্ষক কৌশলে শিক্ষার্থীদের প্রাপ্য টাকার ২৫-৩০ শতাংশ দিয়ে বাকি টাকা আত্মসাৎ করছেন।’

এ ব্যাপারে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘সোনালী ব্যাংক তাড়াইল শাখার মাধ্যমে এ বিদ্যালয়ে টাকা দেওয়া হচ্ছে। আমি শুধু ব্যাংকে তালিকা দিয়েছি। টাকা কম দেওয়ার বিষয়টি তাঁরাই জানে। এর সঙ্গে আমি জড়িত নই।’

এ বিষয়ে সোনালী ব্যাংক তাড়াইল শাখার ব্যবস্থাপক কাসেম উদ্দিন বলেন, প্রধান শিক্ষকের সিদ্ধান্তের ভিত্তিতে টাকা দেওয়া হয়। এদিক-সেদিক কিছু হয়ে থাকলে এর জন্য দায়ী প্রধান শিক্ষক।