উপবৃত্তির টাকা কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকেরা কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ওই টাকা বিতরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সকাল থেকে সাতটি বিদ্যালয়ের ১ হাজার ৯০০ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। গতকাল শিক্ষার্থীদের মধ্যে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত ১২ মাসের উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। প্রতি শিক্ষার্থীকে প্রতি মাসে ১০০ টাকা উপবৃত্তি দেওয়ার কথা।
কয়েকজন অভিভাবক বলেন, গতকাল চর আদ্রা, ছাতারিয়া, শিশুয়া বাঘমারা, বাঘমারা, চর সরিষাবাড়ী, জামিরা ও আদ্রা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া হয়। তাঁরা অভিযোগ করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌসের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতি শিক্ষার্থীর উপবৃত্তির টাকা থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কেটে রেখেছেন।
টাকা কেটে নিতে সহায়তার অভিযোগ অস্বীকার করে সরিষাবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, ‘আমি কোনো টাকাপয়সা নিইনি।’
জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ‘আমাকে উপবৃত্তির ১২০০ টাকার মধ্যে ১ হাজার টাকা দেওয়া হয়েছে। স্যাররা ২০০ টাকা কেটে নিয়েছে।’
বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘অনুপস্থিত থাকায় দু-এক শ টাকা কেটে রেখেছি।’