উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাজাবাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
রাজাবাসর সরকারি প্রাথমিক ও রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজ চত্বরে শুক্রবার মন্মথপুর ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ইবতেদায়ি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির মোট ১০ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়। ওই টাকা বিতরণ করেন জনতা ব্যাংক পার্বতীপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অভিযোগ করে বলেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপবৃত্তির টাকা প্রদানের আগে ও পরে তাঁদের কাছ থেকে ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা করে আদায় করেছেন।
এ নিয়ে কথা হয় দীপশিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির দুই ছাত্রীর মায়ের সঙ্গে। এ সময় তাঁরা অভিযোগ করে বলেন, কয়েক দিন আগে উপবৃত্তির কার্ডে স্বাক্ষর করার সময় তাঁদের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করেন স্কুলের প্রধান শিক্ষক করুণা কান্ত বিশ্বাস।
নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রের (৮) নানি অভিযোগ করে বলেন, ওই বিদ্যালয় থেকে তাঁর নাতির উপবৃত্তির ৩০০ টাকা কেটে নেওয়া হয়েছে।
রাজাবাসর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাবা (৫২) অভিযোগ করে বলেন, উপবৃত্তি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে দুবারে ১০০ টাকা আদায় করা হয়েছে। আরও কয়েকজন অভিভাবকও তাঁদের কাছ থেকে ৫০ টাকা করে আদায়ের অভিযোগ করেন।
এদিকে রাজাবাসর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্কুলের ছাপানো খাতা কিনতে বাধ্য করা, ঝাড়ুদারের বেতন, মাস্টাররোলের শিক্ষকদের বেতন প্রদানসহ বিভিন্ন অজুহাতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
রাজাবাসর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্চনা রানী বিশ্বাস বলেন, উপবৃত্তির কোনো টাকা কেটে রাখা হয় না। অভিভাবকদের সম্মতিতে স্কুলের বিশেষ প্রয়োজনে চাঁদা হিসেবে কিছু অর্থ আদায় করা হয়ে থাকে। তিনি দাবি করেন, স্কুলে সমবায় সমিতির ছাপানো কিছু খাতা আগে বিক্রি করা হলেও বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে।