উপবৃত্তির তালিকা থেকে নাম বাদ পড়ায় প্রধান শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপবৃত্তির তালিকা থেকে নাম বাদ পড়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে গতকাল রোববার মারধর করেছেন অভিভাবকেরা। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে ১ হাজার ২০০ জন শিক্ষার্থী। তিনটি শর্ত পূরণ করলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পায়। শর্তগুলো হলো অবিবাহিত, পরীক্ষায় ৪৫ ভাগ নম্বর প্রাপ্তি ও বিদ্যালয়ের মোট কার্যদিবসের মধ্যে ৮০ শতাংশ উপস্থিতি। ছয় মাস পরপর শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীরা এ টাকা পায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এ বছরের উপবৃত্তির তালিকা থেকে বিভিন্ন শ্রেণির প্রায় ৩৫০টি নাম বাদ পড়াকে কেন্দ্র করে গতকাল শতাধিক অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ে জড়ো হন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলেমান মিয়ার উপস্থিতিতে বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলীকে মারধর করে রক্তাক্ত জখম করেন।
খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইউএনওর গাড়িতে করে আহত প্রধান শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া বলেন, উপবৃত্তির নামের তালিকা প্রেরণ নিয়ে আগে থেকেই অভিভাবকেরা অভিযোগ করছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক কোনো সমাধান না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর পরিচালনা কমিটির সব সদস্যের মতামতের ভিত্তিতে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আহত প্রধান শিক্ষক মো. খোরশেদ আলী বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নামের তালিকা উপবৃত্তির জন্য পাঠানো হয়েছে। সরকারি শর্তে যারা উপবৃত্তির অন্তর্ভুক্ত হতে পারেনি, তাদের নামের তালিকা পাঠানো হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আপাতত পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মৌসুমী পালকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।