উপসচিব পরিচয়ে প্রতারণা, থানায় জিডি
নারায়ণগঞ্জে গত শনিবার রাতে এক ব্যক্তি নিজেকে উপসচিব পরিচয় দিয়ে একটি মোবাইলের দোকান থেকে এক লাখ ৮৯ হাজার টাকা মূল্যের পাঁচটি মোবাইল হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে রোববার ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে ওই দোকানের মালিক কবির আহম্মদ উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নগরের মার্ক টাওয়ারের দি মোবাইল-২ শো-রুমে একজন লোক এসে নিজেকে বাংলাদেশ সেক্রেটারিয়েট (আমেরিকা উইং) মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের উপসচিব পরিচয় দেন। পরিচয় দিয়ে বলেন, তিনি নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসের ভিআইপি কক্ষ-২ এ সপরিবারে অবস্থান করছেন। এরপর তিনি একটি ভিজিটিং কার্ডও দেন। ওই ব্যক্তি জানান, তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। বিয়েতে উপহার হয়েছে কয়েকটি মোবাইল লাগবে। মোবাইল শোরুমের মালিক ওই ব্যক্তির চাহিদামতো মোবাইলগুলো ওই দোকানে নেই এবং অন্য দোকান থেকে এনে দিতে পারবেন বলে জানান। তখন উপসচিব পরিচয় দেওয়া ব্যক্তি একটি মোবাইল নম্বর দেন এবং দুই হাজার টাকা অগ্রিম দিয়ে মোবাইল পাঁচটি সংগ্রহ করে ফোন করতে বলেন। পরে মোবাইল পাঁচটি সংগ্রহ করে ফোন করা হলে ওই ব্যক্তি মোবাইলগুলো নিয়ে শোরুমের মালিককে সার্কিট হাউসে যেতে বলেন। মোবাইলগুলো নিয়ে মালিক দোকানের আরও দুজন কর্মচারী নিয়ে রাত সোয়া নয়টার দিকে সার্কিট হাউসে যান। মোবাইল পাঁচটি ওই ব্যক্তির কাছে দিলে তিনি পাশের কক্ষে তার পরিবারের অন্য লোকজনকে দেখানোর কথা বলে নিয়ে যান। ১০ থেকে ১৫ মিনিট হয়ে যাওয়ার পরও ওই ব্যক্তি ফিরে না এলে সার্কিট হাউসের অফিস সহকারী মো. নয়নকে জিজ্ঞাসা করা হয়। নয়ন জানান, ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যে আসার কথা বলে তার প্রাইভেটকার নিয়ে বের হয়ে গেছেন। তখন ওই ব্যক্তির দেওয়া মোবাইলে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। পরে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সার্কিট হাউসের অফিস সহকারী নয়ন জানান, সার্কিট হাউসের দায়িত্বে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবদুল্লাহ আল জাকির মোবাইলে ফোন করে তাঁকে ওই ব্যক্তির জন্য কক্ষ বরাদ্দ দিতে বলেন।
জেলা সার্কিট হাউসের সার্বিক দায়িত্বে থাকা জেলা প্রশাসনের এনডিসি আবদুল্লাহ আল জাকির বলেন, ওই ব্যক্তিকে আমি চিনি না। তিনি উপসচিব পরিচয় দিয়ে আমার মোবাইলে ফোন করে এক ঘণ্টা সার্কিট হাউসে বিশ্রাম নেওয়ার কথা জানান। আমি তাকে একটি কক্ষে থাকার অনুমতি দিই। অনেকেই সার্কিট হাউসে অল্প সময়ের জন্য অবস্থান করে আবার চলে যায়। তাই তা রেজিস্ট্রি করা হয় না। যেহেতু প্রতারণার ঘটনা ঘটেছে তাই সার্কিট হাউসের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। সিসি ক্যামেরায় মোবাইল ফোনের দোকানের মালিক ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন। সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।