উপসচিব সেজে পরিদর্শন, ধরা পড়ে জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপসচিব পরিচয়ে বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে টাকা নেওয়ার সময় এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। বায়েক ইউনিয়নের খাদলা বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আশিকুর রহমান (২৮)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর চারিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ আশিকুরকে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে হাজির করে। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, শনিবার দুপুরে আশিকুর রহমান স্যুট-টাই পরা অবস্থায় একটি পাজেরো জিপ নিয়ে খাদলা বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে আসেন। বিদ্যালয়ে এসে তিনি নিজেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বলে পরিচয় দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, ভুয়া উপসচিব বিদ্যালয়ে আরও একটি নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে ৮০ হাজার টাকা চান। তিনি বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে তাৎক্ষণিক আশিকুরকে ৭০ হাজার টাকা দেন। টাকা পেয়ে আশিকুর তড়িঘড়ি চলে যেতে চান। এ সময় আবদুল মালেকের কিছুটা সন্দেহ হয়।
স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আশিকুর প্রতারণার কথা স্বীকার করেন। ওই সময়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।