উপসচিবসহ ৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী ও সচিবের নির্দেশনা উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০ কোটি টাকার বেশি অর্থ ছাড়ের মাধ্যমে ক্ষতিসাধনের মামলায় উপসচিবসহ চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন সংস্থার উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোরশেদ আলম।
দুদক সূত্র জানায়, ১৯৯৭-৯৮ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ‘বিভিন্ন জেলার সিভিল সার্জন ও দুটি মেডিকেল কলেজের অতিরিক্ত বরাদ্দ’ প্রকল্প থেকে ২০ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ছাড় করা হয়েছে। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সালাহউদ্দিন ইউসুফ এবং স্বাস্থ্যসচিবের নির্দেশনা উপেক্ষা করে এ অর্থ ছাড় করা হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে ২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ।
এঁদের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আজিজুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে যাঁদের আসামি করা হচ্ছে তাঁরা হলেন‍—স্বাস্থ্য মন্ত্রণালয়ের সে সময়ের সিনিয়র সহকারী সচিব মো. আলাওল হক, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব (অবসরপ্রাপ্ত) মো. আবদুল মান্নান, একই মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব (বাজেট) প্রশান্ত কুমার দাস এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো. আবদুল মোতালেব মিয়া।