কুমিল্লার হোমনায় ইউএনওর সই জাল করার দায়ে চান্দেরচর ইউনিয়ন পরিষদের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন ডিসি। গত ১৬ জুন মোস্তাফিজুরকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন ইউএনও।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান রামকৃষ্ণপুর মৌজার বিভিন্ন অংশে শূন্য দশমিক ৪৬ একর জায়গা রামকৃষ্ণপুর গ্রামের দুলাল চন্দ্র ঘোষের নামে খতিয়ান ও ডিসিআর সরবরাহ করেন। যাতে ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরের স্বাক্ষর জাল করা হয়।
এদিকে রামকৃষ্ণপুর মৌজার ১১১৩ নম্বর দাগের ২৫ শতাংশ জমি ভুয়া খারিজের কাগজপত্রও দুলাল চন্দ্র ঘোষের নামে করে দেন মোস্তাফিজুর রহমান। গত ১১ মে স্থানীয় মোবাশ্বের আলী নামের এক ব্যক্তি ভুয়া খারিজ করা খতিয়ানের বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। পরে ভুয়া খারিজের বিষয়টি ইউএনওর নজরে আসে।
ইউএনও আহাম্মেদ জামিল বলেন, ‘আমার স্বাক্ষর জাল করে মো. মোস্তাফিজুর কয়েকটি ভুয়া নামজারির কাগজপত্র তৈরি করেন। এলাকার কিছু ব্যক্তির লিখিত অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়ায় আমি একটি প্রতিবেদন দিই ডিসি স্যারকে। পরে স্যার মোস্তাফিজুরকে সাময়িক বরখাস্ত করেন।’ এ ব্যাপারে জানতে মো. মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।