উপস্থাপনা করতে না দেওয়ায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থাপনা করতে না দেওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের কার্যালয় ও প্রধান শিক্ষকের কক্ষে গতকাল শনিবার ভাঙচুর চালানো হয়েছে। এ অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
আটক হওয়া ব্যক্তির নাম আলীহিম হোসেন (৩০)। তিনি বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য। দলীয় পদবি না থাকলেও তিনি এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মশিউর রহমান বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে আলীহিমের বিরুদ্ধে পরিচালনা পরিষদের সভা ডেকে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন। একপর্যায়ে আলীহিম হোসেন মঞ্চে উঠে মাইক্রোফোন কেড়ে নিয়ে উপস্থাপনা করার চেষ্টা করেন। এ সময় প্রধান শিক্ষক তাঁকে বাধা দেন। এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে আলীহিমসহ কয়েকজন যুবক বিদ্যালয়ে হামলা চালান।
প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, আলীহিমসহ কয়েকজন যুবক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকেই শিক্ষকদের গালিগালাজ শুরু করেন। তাঁরা অফিস কক্ষের দরজা, জানালা, আলমারি, চেয়ার, টেবিলসহ আসবাব ভাঙচুর করেন। তাঁরা আলমারির মধ্যে থাকা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সার্টিফিকেট তছনছ করেন। একপর্যায়ে ছাত্ররা ধাওয়া করে আলীহিমকে ধরে ফেলে। তাঁর সঙ্গীরা পালিয়ে যান। ছাত্ররা আলীহিমকে পিটুনি দিয়ে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে তালাবদ্ধ করে রাখে। বেলা দুইটার দিকে ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা আলীহিমকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় আলীহিমকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, আলীহিমের সঙ্গীদের আটকের চেষ্টা চলছে। মামলা হলে আলীহিমকে আদালতে পাঠানো হবে।
থানায় আটক থাকায় আলীহিমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।