উপহিসাব মহানিয়ন্ত্রক দুলাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় উপহিসাব মহানিয়ন্ত্রক মো. দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডস্টোর বাজারের বাড়ি থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়।

দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, দুলালের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুলাল আগে ময়মনসিংহের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। পদোন্নতি পেয়ে ঢাকায় যান।

দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, দুলালের নামে গত ১৭ জানুয়ারি মামলা হয়। দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বজলুল রশিদ বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেপ্তারের পর দুলালকে আজ মঙ্গলবার ময়মনসিংহের ১ নম্বর আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।