উপাচার্য কার্যালয়ে তালা, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও সংস্থাপন শাখার কার্যালয় গতকাল মঙ্গলবার সকালে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
সকাল পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বহনকারী একটি বাসে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের বাসটি ক্যাম্পাস থেকে ঝিনাইদহে যাওয়ার পথে গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে। তবে এ সময় বাসে কোনো শিক্ষক ছিলেন না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য আবদুল হাকিম সরকার, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, রেজিস্ট্রার মসলেম উদ্দিনের কার্যালয় ও সংস্থাপন শাখার কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। সকাল নয়টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশের সহযোগিতায় তালা ভাঙেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দায়িত্বরত কয়েকজন আনসার সদস্য জানান, কে বা কারা তালা দিয়েছে তা তাঁরা জানেন না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চাকরিপ্রার্থীরা এসব ঘটনা ঘটাচ্ছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’