উপাচার্য সমর্থক কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার উপাচার্য সমর্থক কর্মকর্তাদের ওপর সহ–উপাচার্যের সমর্থক কর্মকর্তারা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় থানায় মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার উপাচার্য আবদুল হাকিম সরকারের অপসারণ দাবি করে সহ–উপাচার্য শাহিনুর রহমান সমর্থক শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার বেলা ১১টার দিকে সহ–উপাচার্যকে অপসারণের দাবি করে পাল্টা মানববন্ধন কর্মসূচির ডাক দেয় উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তারা। আজ বুধবার সকাল ১০টার দিকে এ মানববন্ধনে যাওয়ার সময় সহ–উপাচার্য সমর্থক কর্মকর্তারা উপাচার্য সমর্থক কর্মকর্তাদের ওপর হামলা চালান। এ ঘটনায় পাঁচ কর্মকর্তা আহত হন। আহত কর্মকর্তারা হলেন উপ–রেজিস্ট্রার হারুন উর রশিদ, সহকারী রেজিস্ট্রার মোরশেদ রহমান, উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মনিরুল ইসলাম, উপাচার্য কার্যালয়ের উপ–রেজিস্ট্রার আইয়ুব আলী এবং রেজিস্ট্রারের ব্যক্তিগত সহকারী (পিএস) আনোয়ার হোসেন। এঁদের মধ্যে মোরশেদ রহমানকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তারা সহ–উপাচার্যের অপসারণ দাবি করে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা এ হামলার প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের বিরুদ্ধে জামায়াত-শিবির সম্পৃক্ততা, যৌন হয়রানি, দুর্নীতিসহ ১১ দফা অভিযোগ করে সহ–উপাচার্যের অপসারণ দাবি করেন। এ ছাড়া বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে প্রশাসন ভবনের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে মানববন্ধন করেন সহ–উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তা ও সংগঠনটির নেতা–কর্মীরা।
এদিকে এ হামলার ঘটনায় আজ দুপুরের পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা করেছেন।
বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ দাশ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
হামলার শিকার উপ–রেজিস্ট্রার হারুন উর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমি এবং মোরশেদ মানববন্ধনে যাওয়ার জন্য বের হতে গিয়ে বাইরে হইচইয়ের শব্দে আমার অফিসে এসে বসি। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁরা আমাকে ও মোরশেদকে উপর্যুপরি মারতে থাকেন। এতে মোরশেদের মাথা ফেটে রক্তাক্ত হয়েছে।’
হামলার ব্যাপারে জানতে চাইলে সহ-উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল হান্নান অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি এ ঘটনা জানি না। হঠাৎ হট্টগোলের শব্দ পেয়ে নিচে নেমে এসে দেখি আমাদের কিছু কর্মকর্তা হাতাহাতি করছেন।’
জানতে চাইলে প্রক্টর মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে চেষ্টা করে উপাচার্য ও সহ–উপাচার্যের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।