উপাচার্য সমর্থকদের ওপর হামলায় আহত ৫, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও সহ-উপাচার্য-সমর্থিত শিক্ষক ও কর্মকর্তারা পাল্টাপাল্টি মানববন্ধন করেছেন। মানববন্ধনে যাওয়ার সময় উপাচার্য-সমর্থিত কর্মকর্তাদের ওপর সহ-উপাচার্যের সমর্থক কর্মকর্তারা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচজন কর্মকর্তা আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপ-রেজিস্ট্রার হারুন উর রশিদ, সহকারী রেজিস্ট্রার মোরশেদ রহমান, উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মনিরুল ইসলাম, উপাচার্যের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী ও রেজিস্ট্রারের ব্যক্তিগত সহকারী (পিএস) আনোয়ার হোসেন। তাঁদের বিশ্ববিদ্যায়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে মোরশেদকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘মোরশেদের মাথায় চার-পাঁচটা সেলাই দিয়েছেন চিকিৎসকেরা।’
হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ মামলা করেছেন। বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ দাশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপাচার্য আবদুল হাকিম সরকারের অপসারণ দাবি করে সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের সমর্থিত শিক্ষক ও কর্মকর্তারা মানববন্ধন করেন। এর পাল্টা কর্মসূচি হিসেবে গতকাল বুধবার সহ-উপাচার্যের অপসারণের দাবিতে পাল্টা মানববন্ধনের ডাক দেন উপাচার্য-সমর্থিত শিক্ষক ও কর্মকর্তারা। সকাল ১০টার দিকে এ মানববন্ধনে যাওয়ার আগে সহ-উপাচার্য-সমর্থিত কর্মকর্তা ও সহ-উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল হান্নান এবং সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেনের নেতৃত্বে ৫-৬ জন কর্মকর্তা উপাচার্য-সমর্থিত কয়েকজন কর্মকর্তার ওপর হামলা চালান।
উপ-রেজিস্ট্রার হারুন উর রশিদ বলেন, ‘আমি ও মোরশেদ মানববন্ধনে যাওয়ার জন্য বের হতে গিয়ে বাইরে হইচইয়ের শব্দে আমার অফিসে এসে বসি। একপর্যায়ে আবদুল হান্নান, আসাদুজ্জামান মাখন, গিয়াসউদ্দিন, রাশেদসহ আরও চার-পাঁচজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। তাঁরা আমাকে ও মোরশেদকে উপর্যুপরি মারতে থাকেন। এতে মোরশেদের মাথা ফেটে রক্তাক্ত হয়।’
সহ-উপাচার্যের পিএস আবদুল হান্নান বলেন, ‘আমি এ ঘটনা জানি না। হঠাৎ হট্টগোলের শব্দ পেয়ে নিচে নেমে দেখি কিছু কর্মকর্তা হাতাহাতি করছেন।’