উপাচার্যকে অবরুদ্ধ করলেন ছাত্রলীগের সাবেক নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরির দাবিতে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে তাঁর কার্যালয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নেন।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট সভা সাময়িক স্থগিত ঘোষণা করায় চাকরিপ্রত্যাশীরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।’
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী সূত্রের বিবরণ অনুযায়ী, চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও কর্মীরা গতকাল দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনে বিভিন্ন কার্যালয় কক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন। এ সময় তাঁরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সাড়ে ১২টার দিকে চাকরিপ্রত্যাশীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত তাঁরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান করেন। এ সময় উপাচার্যের কার্যালয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন ছিলেন। অবস্থান কর্মসূচি চলাকালে চাকরিপ্রত্যাশীরা স্থানীয় রাজনীতিবিদদের নামে স্লোগান দেন। একপর্যায়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবদুল হাই তাঁদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বলে চাকরিপ্রত্যাশী মিজানুর রহমান মাইকে ঘোষণা দেন। পুলিশ চাকরিপ্রত্যাশীদের সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি হয়। বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ মার্চ অনুষ্ঠেয় সিন্ডিকেট সভা সাময়িক স্থগিত ঘোষণা দিলে চাকরিপ্রত্যাশীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাকরিপ্রত্যাশী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আসন্ন সিন্ডিকেট সভায় আমাদের চাকরির বিষয়টি নিশ্চিত করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল। অথচ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ না করেই আগামী শুক্রবার ওই সভার তারিখ ঘোষণা করেছে। আমাদের চাকরির নিশ্চয়তা দিয়ে সভার তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় আমাদের কর্মসূচি চলবে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, তাঁদের দাবির বিষয়টি বিবেচনাধীন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।