প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার ও তাঁর পরিবারের সদস্যদের আবার জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর মুঠোফোনে একাধিক খুদে বার্তা পাঠিয়ে তাঁর গাড়িতে বোমা স্থাপন ও দুই ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়। গত রোববার রাতে উপাচার্য আবদুস সাত্তারের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে চাঁদা দাবি ও তা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে নিরাপত্তা চেয়ে উপাচার্যের পক্ষ থেকে তাঁর একান্ত সচিব এ টি এম কামরুল হাসান যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ২৪ অক্টোবরও হুমকি দেওয়ার ঘটনায় সেদিন আরেকটি জিডি করা হয়েছিল।