উপাচার্যকে শাসালেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের দপ্তরে ঢুকে উপাচার্যকে শাসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ।
ওমর ফারুক চৌধুরী রাজশাহী-১ আসনের সাংসদ এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি। অনিয়মের অভিযোগে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজকে জরিমানার জের ধরে এ ঘটনা ঘটে। সাংসদ এ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি।
উপাচার্যের কার্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিনের কার্যালয়ে গতকাল সকাল থেকেই চিকিৎসা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়ার জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। বেলা একটার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য মুঠোফোনে যোগাযোগ করেন সাংসদ। কিন্তু কাজে ব্যস্ত থাকায় উপাচার্য সাংসদকে পরে দেখা করতে পারবেন বলে জানান। কিন্তু ১০ মিনিট পরেই সাংসদ চার থেকে পাঁচজনকে নিয়ে উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে আসেন। খবর পেয়ে উপাচার্য কাজ সংক্ষিপ্ত করেন। এরপর সাংসদ উপাচার্যের কক্ষে ঢুকে উপাচার্যকে শাসান।
উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিন বলেন, ‘সাংসদ পরিচালিত মেডিকেল কলেজটির অ্যাকাডেমিক অনুমোদন না থাকা সত্ত্বেও ছাত্র ভর্তিসহ নানা অসংগতি থাকায় কলেজ পরিদর্শক দল প্রতিষ্ঠানটিকে জরিমানা করে। এ বিষয়ে কথা বলতে এসে সাংসদ খারাপ ব্যবহার করেন।’
সাংসদ ওমর ফারুক বলেন, ‘তেমন কোনো কারণ ছাড়াই শাহ মখদুম মেডিকেল কলেজকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। সেই জরিমানা মওকুফের জন্য আমি নিজের প্যাডে উপাচার্যের কাছে আবেদন করেছিলাম।’ অশালীন আচরণ সম্পর্কে সাংসদ দাবি করেন, ‘উপাচার্য হিসেবে তিনি যদি মনে করেন, আমি খারাপ আচরণ করেছি তবে দুঃখ প্রকাশ ছাড়া আমার আর কিছু করার নেই।’
প্রশাসন সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের মেডিকেল কলেজগুলোর একাডেমিক অনুমোদনসহ শিক্ষা কার্যক্রম দেখভাল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।