নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী বুধবার এ তদন্ত অনুষ্ঠিত হবে। ইউজিসি গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সেদিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে।
গতকাল রোববার তদন্ত কমিটির সদস্যসচিব ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. মমিনুল হক।
ইউজিসির পাঠানো চিঠিতে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো পত্র ও দাখিলকৃত অভিযোগসমূহ তদন্ত করার জন্য ইউজিসি কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটি ২৭ এপ্রিল বুধবার সকাল নয়টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। তদন্তকাজ পরিচালনার সময় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে কমিটিকে সার্বিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানানো হলো।’
এতে উল্লেখ করা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির নিকট সাক্ষাৎকার বা লিখিতভাবে কোনো তথ্য দিতে চান, তবে তাঁদের উল্লিখিত তারিখে ক্যাম্পাসে উপস্থিত থাকার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর জ্ঞাতার্থে সকল নোটিশ বোর্ডে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’
ইউজিসির নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটির তদন্তের সূচি-সংবলিত পত্রটি নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে কি না, জানতে চাইলে রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘ইউজিসির চিঠির বিষয়টি সকলে এরই মধ্যে জেনে গেছেন। তা ছাড়া যেদিন ইউজিসির কমিটি তদন্তে আসবে, সেদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। এখানে লুকানোর কিছু নেই।’
গত ফেব্রুয়ারি মাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষ থেকে উপাচার্য এম অহিদুজ্জামানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, প্ল্যানিং কমিটি গঠন ও শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়ম, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতার তথ্য-প্রমাণসহ একটি অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ইউজিসি এ তদন্ত কমিটি গঠন করে।