নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গত শুক্রবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরীর গাড়িকে বাধা দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে পুলিশ গতকাল শনিবার পর্যন্ত ঘটনার কারণ উদ্ঘাটন করতে পারেনি।
অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে উপাচার্য ঢাকায় যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে কাছিকাটা টোল প্লাজা পার হলে সাদা রঙের একটি গাড়ি ও সিলভার রঙের একটি করলা গাড়ি উপাচার্যের গাড়ি অনুসরণ করে এবং একপর্যায়ে গতি রোধ করার চেষ্টা করে। তবে উপাচার্যের গাড়ির চালক ওই গাড়ি দুটিকে অতিক্রম করে চলে যেতে সক্ষম হন। পরে উপাচার্য নাটোর ও সিরাজগঞ্জ থানা-পুলিশের সহযোগিতা নিয়ে ঢাকায় পৌঁছান।
উপাচার্য আল-নকীব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এ ঘটনা, তা বুঝতে পারছি না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির বলেন, ‘হামলাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। অনেক কারণেই ঘটনাটি ঘটতে পারে। দুর্বৃত্তদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, জিডিতে উল্লেখ করা একটি গাড়ির নম্বর ধরে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।