উপাচার্যের দপ্তরেও সেই হুমকির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার আল ইসলামের নামে রাজশাহীর আট বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠি আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরেও পৌঁছেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছে। এর আগে গতকাল সোমবার একই চিঠির একটি কপি আনসার আল ইসলামের (আল-কায়দা, ভারতীয় উপমহাদেশ) প্যাডে রাজশাহীর স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকার অফিসে পাঠানো হয়।

চিঠিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, কথাশিল্পী হাসান আজিজুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল হায়াত, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলীকে হত্যার হুমকি দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আজ অফিসে চিঠিটি এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। অদৃশ্য অপরাধীচক্র কোথা থেকে কীভাবে কি করছে আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘ডাকযোগে আসা চিঠিটি আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে আমরা পেয়েছি। চিঠির প্রেরক হিসেবে দেওয়া হয়েছে অধ্যাপক আবু সিদ্দিক, রাজশাহী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে।’

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।