রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, উপাচার্যের বাসভবনের ফটকের ভেতরে একটি এবং বাইরে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
উপাচার্যের বাসভবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত। ককটেল বিস্ফোরণের সময় উপাচার্য এ কে এম নূর-উন-নবী বাসভবনে ছিলেন। দায়িত্বে ছিলেন নিরাপত্তাকর্মীরাও।
খবর পেয়ে আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে রংপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থায়ী নিয়োগ ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একাংশের আন্দোলনে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেছেন, আজকের মধ্যে যদি আন্দোলনকারীরা তালা খুলে না দেন, তাহলে তিনি পুলিশ ও প্রশাসনের সহায়তায় তালা ভাঙবেন।