উপাচার্যের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ সহ-উপাচার্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানের বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ করেছেন সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম জাকারিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে বিএসএমএমইউয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে—এমন খবর জানা গেলে প্রথম আলোর পক্ষ থেকে সন্ধ্যায় যোগাযোগ করা হয়। এ সময়ে তিনি এ অভিযোগ করেন।

এ এস এম জাকারিয়া বলেন, আজ সকালে উপাচার্যের কক্ষে এক অনানুষ্ঠানিক সভা চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় উপাচার্য তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য কামরুল হাসান খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘শারীরিকভাবে তাঁকে (সহ-উপাচার্য) নির্যাতনের প্রশ্নই ওঠে না।’

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, উপাচার্য ও সহ-উপাচার্যের মধ্যে গন্ডগোল একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

সহ-উপাচার্যকে উপাচার্য লাঞ্ছিত করেছেন কি না, জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের মধ্যে গন্ডগোলের খবর পেয়ে সেখানে শাহবাগ থানার পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

একই কথা জানিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ থাকাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।