উপাধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ, মামলা দায়ের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়মের অভিযোগে প্রার্থীদের একজন গত ২৩ জুন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ও আদালতে মামলা করেছেন।
বিনোদপুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ম. কিবরিয়া চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ মামলাটি করেন। এ বিষয়ে তিনি বলেন, কলেজের অধ্যক্ষ রুহুল আমিন তাঁর ছোট ভাইকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার জন্য নানা অনিয়ম করছেন। অধ্যক্ষের ছোট ভাই তোহুরুল আমীন একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন।
কলেজের দাপ্তরিক সূত্র জানায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর থেকে উপাধ্যক্ষ পদটি শূন্য। সম্প্রতি ওই পদে নিয়োগ দিতে মোট নয়জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।
কিবরিয়ার অভিযোগ, জেলার বাইরে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করার কোনো নিয়ম নেই। কিন্তু ১৩ জুন রাজশাহী মহানগরের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। বেশি প্রার্থী যেন পরীক্ষায় অংশ নিতে না পারেন, সে জন্য এ ব্যবস্থা করা হয়। এমনকি প্রার্থীদের পরীক্ষার প্রবেশপত্রও দেওয়া হয় ১১ জুন সন্ধ্যায়। তিনি আরও বলেন, এর আগেও অধ্যক্ষ একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার তারিখ ঠিক করেন। কিন্তু কলেজের সাবেক তিনজন সভাপতি অধ্যক্ষের ইচ্ছায় সাড়া না দেওয়ায় সেই পরীক্ষা স্থগিত করা হয়।
কিবরিয়া বলেন, রুহুল আমীন ১৯৮৬ সাল থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তবে তাঁর নিয়োগপ্রক্রিয়াও অবৈধ। এ বিষয়ে ২০১৫ সালের মে মাসে তিনি জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করেন।
এ বিষয়ে মুঠোফোনে আট-নয়বার চেষ্টা করেও কলেজের অধ্যক্ষ রুহুল আমীনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কলেজের পরিচালনা কমিটির সভাপতি রোখসানা মমতাজ বলেন, পরীক্ষা বোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন অসুস্থ থাকায় এ পরীক্ষাটি রাজশাহীতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অধ্যক্ষের ছোট ভাই হলে কেউ প্রার্থী হতে পারবেন না বা যোগ্য হলে নিয়োগ পাবেন না এমন কোনো নিয়ম নেই।
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, জেলার বাইরে নিয়োগ পরীক্ষার স্থান নির্ধারণ করা যাবে না—এ বিষয়টি তিনি জানতেন না। পরীক্ষা যথাযথভাবে নেওয়া হয়েছে। প্রার্থীদের সাক্ষাৎকার বোর্ডে কলেজের অধ্যক্ষকে রাখা হয়নি। কিন্তু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগ দেওয়া বা পরীক্ষার ফল বাতিলের ক্ষমতা রাখে কলেজের পরিচালনা বোর্ড।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সায়েমা খাতুন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। জেলার বাইরে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা বৈধ নয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।