উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। ওই নিয়োগ পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা বাতিলের দাবিতে গতকাল রোববার কলেজ পরিচালনা কমিটির সভাপতির কাছে আবেদন করেছেন উপাধ্যক্ষ পদের প্রার্থীদের পক্ষে একই কলেজের সহকারী অধ্যাপক তহমিনা খাতুন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান কামাল আহমেদ বরাবর করা ওই অভিযোগে বলা হয়, উপাধ্যক্ষ পদের আবেদন যথাযথভাবে যাচাই-বাছাই না করেই ১০ জন আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ফলে যোগ্যতার ঘাটতি থাকলেও অনেকেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজশিক্ষকদের চাকরির শর্তাবলি রেগুলেশন (সংশোধনী) ২০১৫ আইনের ৪-এর (ক) ও (খ) ধারা অনুসরণ করা হয়নি।
অভিযোগে আরও বলা হয়, নিয়োগ পরীক্ষা চলার সময় পরীক্ষার রুমে উত্তরপত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করা হয়নি। এমনকি ডি-কোড না করেই উত্তরপত্রসমূহ মূল্যায়ন করা হয়েছে। এতে স্বচ্ছতার অভাব পরিলক্ষিত হওয়ায় প্রার্থীদের মনে সন্দেহ ও ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। পরীক্ষা গ্রহণের দুদিন অতিবাহিত হলেও ফলাফল প্রকাশ করা হয়নি। এতে বিশেষ কোনো প্রার্থীকে সুবিধা দেওয়ার যোগসাজশ আরও ঘনীভূত হচ্ছে।
তহমিনা খাতুন বলেন, কলেজ পরিচালনা কমিটির জনৈক এক প্রভাবশালী সদস্যের নিকটাত্মীয়কে বিধিবহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। এখন তাঁকে উপাধ্যক্ষ পদে নিয়োগ প্রদানে এসব অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে।
অনিয়মের অভিযোগ অস্বীকার করে ওই কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক বলেন, ‘উপাধ্যক্ষ পদে কলেজের নয়জন ও বাইরের কলেজের একজন শিক্ষক প্রার্থী হয়েছেন। তাঁদের সবার যোগ্যতা থাকায় আবেদন বাছাইতে কেউ বাদ পড়েননি। নিয়ম অনুযায়ী আমরা সবার পরীক্ষা গ্রহণ করেছি। এখানে বিধির কোনো ব্যত্যয় ঘটেনি।’
এ ব্যাপারে কলেজ পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, অভিযোগ তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।