অনিয়ম করে প্রথমে প্রভাষক হিসেবে নিয়োগ। প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই সাড়ে তিন বছরের মাথায় উপাধ্যক্ষ (শিক্ষা)। তদন্তে অনিয়ম ধরা পড়ায় অব্যাহতি। আবারও স্বপদে বহাল। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন রাজধানীর ঢাকা মহানগর মহিলা কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম।
কলেজ পরিচালনা কমিটির সূত্র জানায়, নজরুল ইসলাম ১৯৯৭ সালে এই কলেজে গণিতের প্রভাষক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের নভেম্বর মাসে উপাধ্যক্ষ (শিক্ষা) হিসেবে নিয়োগ পান। কিন্তু তাঁর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে তখন ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন সচিব আলমগীর হোসেন খানের নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়। কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, নজরুল ইসলামের প্রভাষক ও উপাধ্যক্ষ—দুই পদে নিয়োগ অনিয়ম করে করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, নজরুল ইসলাম টি অ্যান্ড টি কলেজের অস্থায়ীভিত্তিক (অ্যাডহক) চাকরি করতেন। মহানগর মহিলা কলেজে প্রভাষক হিসেবে নিয়োগের সময় আগের কলেজের অস্থায়ী চাকরিকে অভিজ্ঞতা হিসেবে গণ্য করে তাঁকে নিয়োগ দেওয়া হয়। নিয়মানুযায়ী অস্থায়ী চাকরির অভিজ্ঞতা গণনার সুযোগ নেই।
তদন্ত কমিটি বলেছে, টি অ্যান্ড টি কলেজে খোঁজ নিয়ে তারা জানতে পারে, নজরুল ইসলামের চাকরি সন্তোষজনক না হওয়ায় অস্থায়ীভিত্তিক নিয়োগ পাওয়ার পর দীর্ঘ আট বছরেও কলেজের পরিচালনা কমিটি তাঁকে নিয়মিত করেনি।
নজরুল ইসলামকে উপাধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে তদন্ত কমিটি বলেছে, ২০০০ সালে এই কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হলে যোগ্যতার শর্ত পূরণ করা ছাড়াই নজরুল ইসলাম প্রার্থী হন। উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান প্রথম স্থান অধিকারী আলতাফ হোসেন। কিন্তু অবিশ্বাস্যভাবে নজরুল ইসলামকে চতুর্থ স্থানে রেখে প্যানেলভুক্ত করে রাখা হয়।
উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য সহকারী অধ্যাপক পদে তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হয়। নজরুল ইসলামের অভিজ্ঞতা ছিল নয় বছর পাঁচ মাস (প্রায়)।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ ১১ মাস পর ২০০১ সালের নভেম্বরে কলেজের পরিচালনা কমিটি সভায় উপাধ্যক্ষ (শিক্ষা) নামে আরেকটি পদ সৃষ্টি করা হয়। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা পরীক্ষা না নিয়েই নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, ডিগ্রি কলেজে উপাধ্যক্ষের পদ একটিই।
এসব অনিয়মের জন্য তদন্ত কমিটি নজরুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে। সে অনুযায়ী তখনকার কলেজ পরিচালনা পর্ষদ ২০০৩ সালের এপ্রিল মাসে নজরুল ইসলামকে উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেয়।
প্রায় নয় বছর পর ২০১২ সালে কলেজের তিন সদস্যের অস্থায়ী (অ্যাডহক) পরিচালনা পরিষদ নজরুল ইসলামকে আবার পুনর্বহাল করে। কিন্তু অ্যাডহক কমিটির নিয়োগ পদোন্নতির এখতিয়ার নেই।
নজরুল ইসলাম অনিয়মের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি এই কলেজেরই শিক্ষক হিসেবে উপাধ্যক্ষ পদে নিয়োগ পাই। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে কোনো কারণ ছাড়া আমাকে বরখাস্ত করা হয়। পরে আমার আবদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় তদন্ত করে আমাকে পুনর্বহাল করতে বলে।’
কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ওই পদের জন্য নজরুল ইসলামের যোগ্যতার ঘাটতি ছিল। মনোনীত প্যানেল থেকে উপাধ্যক্ষ পদে আলতাফ হোসেনকে নিয়োগের পর ওই প্যানেলের আর কোনো কার্যকারিতা থাকে না। এর মধ্যেও পরিচালনা পর্ষদ উপাধ্যক্ষ (শিক্ষা) পদে নিয়োগের ক্ষেত্রে মেধাক্রম ভঙ্গ করে বিধিবহির্ভূতভাবে চতুর্থ স্থানে থাকা নজরুল ইসলামকে নিয়োগ দেয়। এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও নেওয়া হয়নি।
এত সব অনিয়মের কথা বলে পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি মন্তব্যে বলেছে, এসব অনিয়মের সঙ্গে নজরুল ইসলামের সংশ্লিষ্টতা নেই। তাই তাঁকে এ পদে পুনর্বহাল করা যুক্তিযুক্ত।
জানতে চাইলে বর্তমান অধ্যক্ষ কাজী আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি কলেজে নতুন যোগ দিয়েছি। বিস্তারিত কিছু জানি না।’