কোচিং ফির টাকার ভাগাভাগি নিয়ে নরসিংদীর মনোহরদী কলেজের উপাধ্যক্ষের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা কোচিং ফির মধ্য থেকে শিক্ষকদের সম্মানীর টাকা গতকাল বণ্টন করা হয়। সম্মানী হিসেবে অধ্যক্ষ মো. গোলাম ফারুক যা নেন তার চেয়ে উপাধ্যক্ষ আরতী রানী রায়কে ৩০০ টাকা কম দেওয়া হয়। উপাধ্যক্ষ প্রথমে এর কারণ জানতে চান। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওই সম্মানীকে ‘ভিক্ষা’ আখ্যায়িত করেন ও অধ্যক্ষকে অশালীন ভাষায় গালাগাল করেন। তাঁকে শালীনতা বজায় রেখে কথা বলতে বলেন অধ্যক্ষ। এতে আরও খেপে গিয়ে তিনি পায়ের একটি জুতা খুলে অধ্যক্ষের দিকে ছুড়ে মারেন। জুতাটি তাঁর বুকে গিয়ে লাগে। উপাধ্যক্ষ তাঁর অপর পায়ের জুতা খুলে অধ্যক্ষের টেবিলে আঘাত করেন। এতে টেবিলের কাচ ভেঙে যায়, টেবিলে থাকা বই-ফাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিটকে পড়ে। উপস্থিত অন্য শিক্ষকেরা একপর্যায়ে উপাধ্যক্ষকে সরিয়ে নিয়ে যান।
অভিযোগের বিষয়ে গতকাল সন্ধ্যায় আরতী রানী রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি যোগদানের পর থেকে গত তিন বছর অধ্যক্ষ ও তাঁর সমর্থক শিক্ষকেরা আমাকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন। কলেজের কোনো কিছুতেই আমাকে আমার প্রশাসনিক পদ অনুযায়ী তাঁরা সম্মান করেন না। এবার অধ্যক্ষ কোচিং ফির সম্মানী শতভাগ নেন। আমাকে বিভাগীয় প্রধানদের ন্যায় ৮০ শতাংশ দেন। প্রতিবাদ করতে গেলে তিনি অশালীন ভাষায় কথা বলেন। পরে আমি আমার সম্মান রক্ষার্থে যা করার তাই করেছি।’
অধ্যক্ষ মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘কোচিং ফির সম্মানী হিসেবে আমি পেয়েছি ৩১০০ টাকা। উপাধ্যক্ষ পেয়েছেন ২৮০০ টাকা। উপাধ্যক্ষ নিয়মিত কলেজে আসেন না, তাই তিনি আমার চেয়ে কিছুটা কম পেয়েছেন। এতে নাকি ওনাকে ছোট করে দেখা হয়েছে। তিনি আমার সঙ্গে সর্বোচ্চ অশালীন আচরণ করেছেন, যা মুখে বলার মতো নয়।’ অধ্যক্ষ আরও বলেন, তিনি কলেজের পরিচালনা পর্ষদের কাছে লিখিত অভিযোগ দেবেন।